জেলা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘিরে ফরিদপুরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। অন্যদিকে, শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার নিয়ে যুবলীগের ঝটিকা মিছিলসহ কয়েকটি স্থানে লকডাউনের সমর্থনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থানে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি স্থানে লকডাউনের সমর্থনে মিছিল ও বিক্ষোভ করেন। এর মধ্যে সালথায় ঢাল-সরকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান, করিমপুরে শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার নিয়ে যুবলীগের মিছিল এবং ভাটিয়াপাড়ায় কয়েক শ নেতাকর্মীর বিক্ষোভ মিছিলের ঘটনা উল্লেখযোগ্য।

বৃহস্পতিবার সকাল থেকে ফরিদপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নেন মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে তারা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেন। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে তারা জেলার স্বাভাবিক জনজীবন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক থাকার কথা বলেন।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী এবং সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ বিভিন্ন পর্যায়ের কয়েক শ নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

বৈরী আবহাওয়ার মধ্যেও বোয়ালমারীতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া সালথা, মধুখালী, সদরপুর ও ভাঙ্গা উপজেলাতেও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এর মধ্যে সালথায় ঢাল-সরকি নিয়ে ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা মহাসড়কে অবস্থান নিতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের।
অন্যদিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে জেলার কয়েকটি স্থানে দলটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। জেলা যুবলীগের সদস্য শরিফুল হাসান প্লাবনের নেতৃত্বে ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুর এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসেন নেতাকর্মীরা। পরে তারা মোটরসাইকেল থেকে নেমে শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার নিয়ে মিছিল করেন এবং লকডাউনের সমর্থনে স্লোগান দেন।
এ ছাড়া বোয়ালমারী উপজেলার বনমালিপুর এলাকায় উপজেলা যুবলীগের সদস্য তৈয়েব মুন্সি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর হোসেন তুশারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেন।

এদিকে, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী ভাটিয়াপাড়া এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থেকে কয়েক শ নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য তাউহিদুর রহমান মুক্ত, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা যুবলীগের সভাপতি হাসমত হোসেন তালুকদার ও যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুর শহরে মোটরসাইকেল শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা যুবদল। শহরের কাঠপট্টি থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ। সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিনিধি/এসএস