Dhaka Mail Logo

সারাদেশ

‘আওয়ামী লীগ একটা গাড়ি পোড়ালে ওদের ১০টি বাড়ি পুড়িয়ে দেব’

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৮:২০ এএম

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ কারও একটি গাড়ি পুড়িয়ে দিলে দলটির নেতাকর্মীদের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। একই সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হলে এর দায়দায়িত্ব তাদের থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দেওয়া তার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে জেলা কৃষকদল ও মহানগর কৃষকদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একেএম কিবরিয়া স্বপন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসনের ভেতরে-বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। ভাঙ্গায় কৃষকদল নেতা এবং নড়াইলে কৃষকদলসহ দুজনকে হত্যার ঘটনাও ঘটেছে।

3dd844d4-b1b1-490d-a2e8-998fb5f59185

এ সময় আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।’

তার এই বক্তব্যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ স্থানীয় নেতারা।

রাজু মোল্যা হত্যার ঘটনা

গত ১৭ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার শিকার হন উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা। ওই হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা। একই সময়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার রাজু মোল্যা হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন কৃষকদলের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস