Dhaka Mail Logo

সারাদেশ

গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখায় আগুন, নাইট গার্ডের তৎপরতায় রক্ষা

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কর্তব্যরত নাইট গার্ডের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ব্যাংকের কার্যালয়ের সামনে শুকনো কাগজে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে দায়িত্বে থাকা নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় কার্যালয়ের বারান্দার ভেতরের মেঝে এবং বাইরে লোহার কেচিগেটের সামনে আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনাটি দিনভর অনেকটা আড়ালে থাকলেও বুধবার সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকসহ কয়েকজনের ফেসবুক আইডি থেকে ১৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। ওই ভিডিওতে ব্যাংকের বারান্দার মেঝে ও বাইরের অংশে আগুন জ্বলতে দেখা যায়।

দৌলতদিয়া গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক এরশাদ হোসাইন জানান, কার্যালয়ের বাইরে কেচিগেটের সামনে শুকনো কাগজে আগুন দেওয়া হয়েছিল। নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ব্যাংকের ভেতরে কিংবা কাগজপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আপাতত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শাখার স্বাভাবিক কার্যক্রম চলেছে।

অন্যদিকে, গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শরিফুল ইসলাম বলেন, দৌলতদিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। কেউ বিষয়টি ফায়ার সার্ভিসকেও জানায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। ব্যাংক কর্তৃপক্ষও থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস