Dhaka Mail Logo

সারাদেশ

মহেশখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

কক্সবাজারের মহেশখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন (২৪) এবং আব্দুস ছালামের ছেলে মো. ইকবাল (২৫)। ইকবাল সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার দেলোয়ারের ছেলে মোহাম্মদ কাইয়ুম (২৪)। তারা পরস্পরের আত্মীয় ও বন্ধু।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। সন্ধ্যার পর বন্দর সড়ক ঘুরে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিন আরোহী। এতে ঘটনাস্থলেই শাহীন ও ইকবালের মৃত্যু হয়। গুরুতর আহত হন কাইয়ুম।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও ইকবালকে মৃত ঘোষণা করেন।

কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ বলেন, ‘দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। একসঙ্গে দুই স্বজনকে হারানোর শোক তাদের পরিবারের জন্য অপূরণীয়।’

প্রতিনিধি/এসএস