জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক সাংবাদিককে মারধর ও মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে।
ওই সাংবাদিকের অভিযোগ, তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি পালিয়ে যান। এ সময় তার বাড়িতে হামলা এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরো প্রধান এবং স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি।
বিলাল হোসেনের ভাষ্য, বুধবার রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন। বাইরে এলে তাকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন।
বিলাল হোসেন ও তার বাবা আক্তার মল্লিক সড়কে গেলে সেখানে ওই তিন নেতাসহ ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, মমিনুর রহমান মমিন, আব্দুল্লাহ এবং সাবেক জাসাস নেতা আবু মুসা কাজলসহ আরও কয়েকজনকে দেখতে পান বলে জানান তিনি।
বিলাল হোসেনের অভিযোগ, সেখানে যাওয়ার পর তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে মারধর করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন তিনি। প্রাণ বাঁচাতে পাশের একটি মাছের ঘেরে আশ্রয় নেন।
বিলাল হোসেন আরও অভিযোগ করেন, তাকে না পেয়ে হামলাকারীরা তার বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তার বৃদ্ধ বাবা আক্তার মল্লিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে চাঁদাবাজি ও অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান। তাদের দাবি, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল হোসেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। এক সৈনিক লীগ নেতার মুঠোফোনে থাকা টেলিগ্রাম গ্রুপে বিলালের যুক্ত থাকার তথ্য পেয়ে তারা তাকে সতর্ক করতে গিয়েছিলেন।
তাদের ভাষ্য, বিলাল ফেসবুক লাইভে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। তার বাবা পুলিশের গাড়িতে হামলা করায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে তিনি পুলিশের একটি দল পাঠান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বিলাল সেখান থেকে চলে যান। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি শান্ত হয়।
বিলালের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে ওসি বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে তার নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন।
এদিকে সাংবাদিক বিলাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর অপহরণচেষ্টার অভিযোগে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ নেতারা এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের নির্ধারিত প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে। কিন্তু কোনো নাগরিকের বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধভাবে হামলা চালানো বা মব ভায়োলেন্স গ্রহণযোগ্য নয়।
প্রতিনিধি/এলএ