Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় পেট্রোল ঢেলে আগুন

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে দরজার সামনে বারান্দায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

তবে নৈশপ্রহরী, স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের সামনের বারান্দায় দরজার কাছে ছেঁড়া কাপড় ও বস্তায় পেট্রোল অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী চিৎকার শুরু করেন।

শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম জানান, নৈশপ্রহরীর চিৎকারে বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বারান্দার অংশে আগুন সীমাবদ্ধ থাকায় ভেতরে কোনো ক্ষতি হয়নি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, রাতে পুলিশের একটি টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসতেই তারা স্থানীয় লোকজনকে ডেকে আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় একই কায়দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

প্রতিনিধি/এলএ