Dhaka Mail Logo

সারাদেশ

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

শরীয়তপুর সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বায়েজিদ কোতোয়ালকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে বায়েজিদ কোতোয়ালকে দেখতে পেয়ে তাকে মারধর করেন সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

বায়েজিদ কোতোয়াল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উপ-ক্রিড়া বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

e1a8ae7e-ba3e-4095-b515-d46a0e6b869e

এদিকে, বায়েজিদকে মারধরের পেছনে রাজনৈতিক কারণ নয়, বরং জমি নিয়ে পূর্ববিরোধ থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আগে থেকেই জমিসংক্রান্ত বিরোধ চলছিল এবং এ নিয়ে মামলাও রয়েছে। সেই বিরোধের জের ধরে তাকে মারধর করা হয়ে থাকতে পারে।

পরে পুলিশ বায়েজিদকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল এবং এ নিয়ে মামলা চলমান রয়েছে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস