জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে অর্থের বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগে আলোচনায় আসা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ১২ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে অর্থের বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ দেওয়ার অভিযোগে কাজল রেখা ও মৎস্য ব্যবসায়ী এবং উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে অর্থ লেনদেন এবং মাছ ধরার ট্রলারে অভিযান না চালানোর বিষয়ে তাদের কথোপকথন শোনা যায়। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে এ ঘটনায় অভিযোগের তদন্তে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
অডিও ফাঁস ও তদন্ত কমিটি গঠনের ধারাবাহিকতায় এবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত হলেন অভিযুক্ত ওই মৎস্য কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস