জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লিখে যায় দুর্বৃত্তরা। একই দিন সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, পাখা, বিএনপি নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।
এদিকে, বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। একই সঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে। তবে নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। এ ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন।
পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে দেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এলএ