Dhaka Mail Logo

সারাদেশ

দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণ, রেল ব্যবস্থাপনার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বাড়াতে সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনকালে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচলের উদ্বোধন করেন মন্ত্রী। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকাগামী ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ছেড়ে যায়।

শেখ রবিউল ইসলাম বলেন, “পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মুহূর্ত। অল্পতম সময়ে এটা নিরাপদ যাত্রা হবে। এটা সরকারের অঙ্গীকার। এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের যে আস্থা পেয়েছিলেন, তার মর্যাদা রাখলেন।”

তিনি আরও বলেন, “আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশের রেলের মান, সার্ভিস এবং যাত্রা আগামী দিনে আরও নিরাপদ হবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা এবং রেলসচিব ফাহিমুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ৮০ বছরের অপেক্ষার পর পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হয়েছে। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে ট্রেনটি ছেড়ে গেলেও আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল করবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ও ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।

প্রতিনিধি/এসএস