Dhaka Mail Logo

সারাদেশ

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও ছেলেকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনন্দ বাবু বাদল সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের মোখলেসুর রহমান ওরফে বালাজুলের ছেলে। তিনি এ হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ এর গাইবান্ধা ও নীলফামারী ক্যাম্পের একটি যৌথ দল পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী গ্রামের আনসার আলীর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই আনন্দ বাবু বাদলকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আইনুর নাহার আখির সঙ্গে রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাকের ১৬-১৭ বছর আগে বিয়ে হয়। পরে আব্দুর রাজ্জাক শাহিনা বেগমকে দ্বিতীয় বিয়ে করলে দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশও হয়। একপর্যায়ে আখিকে তার তিন সন্তানসহ বামনডাঙ্গায় ভাড়া বাসায় থাকতে পাঠানো হয়। পরে আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ে বদলি হলে আখি সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে আখি ও তার শিশুপুত্র আদিলকে শ্বাসরোধে হত্যা করা হয়। সন্ধ্যায় আখির বড় মেয়ে বাড়িতে ফিরে তাদের মরদেহ দেখতে পায়। এ ঘটনায় আখির বাবা আতোয়ার রহমান বাদী হয়ে ১৮ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ২৭।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস