Dhaka Mail Logo

সারাদেশ

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইব্রাহিম গাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডিত ইব্রাহিম গাজী কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, নির্যাতনের শিকার কিশোরী জন্ম থেকেই বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী। তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে নানির সঙ্গে বসবাস করত।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বসতবাড়ির পাশে একটি ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন ইব্রাহিম। কিশোরীর গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আকবর আলী জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নূরুল আমিন।

প্রতিনিধি/এসএস