জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, গত মঙ্গলবার ও বুধবার সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে দ্বীপে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি হলে জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে নৌযান চালানো ঝুঁকিপূর্ণ। ভ্রমণকারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আগামী ২০ নভেম্বর ঘূর্ণিঝড়টি সমুদ্র থেকে উঠে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে।
এদিকে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার একটি রিসোর্টে অবস্থান করা পর্যটক মাহবুব আহমদ বলেন, বৃহস্পতিবার তার কক্সবাজারে ফেরার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় ফিরতে পারেননি।
তিনি বলেন, শুক্রবার আমার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। এখন সেটিও মিস করতে হবে। আমরা অনেকটা অনিশ্চয়তার মধ্যে আছি। কবে ফিরতে পারব, বুঝতে পারছি না।
দ্বীপের মারমেইড রিসোর্টের মালিক তৈয়ব উল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত হয়নি। দ্বীপের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে পর্যটকের সংখ্যা খুব বেশি নয়।
স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর আরও জানান, বৃহস্পতিবার যেসব পর্যটক জাহাজের টিকিট কেটেছিলেন, বৈরী আবহাওয়ার কারণে তাদের ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। তবে আবহাওয়া অনুকূলে এলে পর্যটকেরা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।
প্রতিনিধি/এলএ