জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর প্রিন্স নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা খেয়াঘাট এলাকা থেকে রাজশাহী ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শাহজাদপুরে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন প্রিন্স ও তার চার বন্ধু। বুধবার দুপুরে তারা করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় প্রিন্স নদীতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালান। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। একপর্যায়ে দুর্ঘটনাস্থল থেকে কিছু দূরে প্রিন্সের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রিন্সের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/এসএস