Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় ইউনিয়ন ভূমি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রোল রাখার একটি বোতল জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, আগুন দেওয়ার ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল রাখার একটি বোতল জব্দ করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

প্রতিনিধি/এসএস