জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ সাত যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ত্রিশাল উপজেলার বাসিন্দা। তিনি মৃত এবাদুল ফকিরের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন তাড়াইল উপজেলার অলিউল্লাহর স্ত্রী তানিয়া আক্তার (২৫) ও তার দুই সন্তান আলভি (৮) ও রৌজা (৩), নান্দাইলের পাঁচপাড়া গ্রামের মো. মোস্তানিক (৩০), ধর্মপাশার ইব্রাহিম (৩৫), নান্দাইলের ইমন (১৯) এবং ঈশ্বরগঞ্জের নুরুল হক (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল সিএনজি স্ট্যান্ড থেকে সাতজন যাত্রী নিয়ে নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে নান্দাইলের ভাটিসাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অটোরিকশার চালক ও যাত্রীদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস