জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের বহু যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ সংঘর্ষ হয়। বৈরী আবহাওয়ার মধ্যে মহাসড়কের একটি বাঁকে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি সড়কের পাশে ছিটকে যায়। এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় দুই বাসের বহু যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস