Dhaka Mail Logo

সারাদেশ

মৌলভীবাজারে ৪৫৮ বস্তা সারসহ ট্রাকচালক আটক

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

মৌলভীবাজারের রাজনগরে পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় ৪৫৮ বস্তা সারসহ ছয় চাকার একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চালক কামাল উদ্দিনকে (৩৮) আটক করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গোবিন্দবাটি এলাকায় হাজী মোবারক ফিলিং স্টেশনের সামনে চালকবিহীন অবস্থায় ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গোপন সংবাদে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। পরে ট্রাকটি সারা রাত পুলিশ পাহারায় রাখা হয়।

পরে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ট্রাকচালক কামাল উদ্দিন গাড়িটি নিতে ঘটনাস্থলে এলে পুলিশ তাকে আটক করে। পরে সারসহ ট্রাক ও চালককে রাজনগর থানায় নিয়ে যাওয়া হয়।

আটক কামাল উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার শেওড়া মুন্সিবাড়ি এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। ট্রাকটির মালিক শামীম মিয়া। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকটিতে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার ছিল। মোট ৪৫৮ বস্তা সার, প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি। সার পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সারসহ ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ