উপজেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
ঢাকার সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে উসকানি দেওয়ার অভিযোগে দুই শ্রমিক ফেডারেশন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে এক শ্রমিক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।
গ্রেফতার দুজন হলেন- গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইলিয়াস। আর আটক শ্রমিক নেতার নাম হুমায়ুন কবির। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটরচালক শ্রমিকলীগের সভাপতি।
বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একেএইচ গ্রুপের কারখানার সামনে থেকে হুমায়ুন কবিরকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, শ্রমিকদের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ওসি আরও বলেন, উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা কারখানার মালিক ও শ্রমিক নেতাদের হুমকি দেওয়া এবং শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে সুলতানা বেগম ও মো. ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার পল্লবী এলাকায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ