জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া আট মাসের কন্যাশিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকায় লক্ষ্মীপুর-বালিদিয়া সড়কসংলগ্ন মৃত আব্দুস সামাদের পারিবারিক পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি রাশমিতার বলে শনাক্ত করেন।
শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী (কুটে) জানান, গত ১৬ নভেম্বর দুপুরে স্ত্রী ও আট মাসের মেয়ে রাশমিতাকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। মহম্মদপুর বাজার থেকে তাদের কয়েকটি কাপড় কেনার কথা ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যায় একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পান তিনি। ফোনে তাকে জানানো হয়, তার স্ত্রী অন্য একটি স্থানে একা রয়েছেন, তবে তার কোলে সন্তান নেই।
খবর পেয়ে তিনি তার ভাই কৃষ্ণকে সঙ্গে নিয়ে মাগুরা সদরের শিয়ালদ এলাকায় শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে স্ত্রীকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানান সমীর। এরপর শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু হয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। পরে নিখোঁজের পরদিন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস