জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মোছাব্বির হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ১৮ বছর পর এ রায় ঘোষণা করা হলো। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন তাজুল ইসলাম, টিপু আহমদ, ফরমুজ মিয়া, নুর উদ্দিন, বশির মিয়া ও খোরশেদ মিয়া। তাদের মধ্যে বশির মিয়া ও খোরশেদ মিয়া পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মোছাব্বিরকে তার অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে হত্যা করা হয়।
এ ঘটনায় মোহাম্মদ ইয়াসিন খান বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তদন্ত ও আইনি কার্যক্রম শেষে আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর বিচার কার্যক্রম বর্তমান সরকারের আমলে ত্বরান্বিত হচ্ছে। এ ধরনের রায়ের ফলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হচ্ছে এবং সাধারণ মানুষও তেমনটাই মনে করছে। আগামীতেও এ ধরনের রায়ের ধারাবাহিকতা বজায় থাকবে। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। সব অপরাধীকে বিচারের আওতায় আসতে হবে।
প্রতিনিধি/এসএস