জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের ভবেরবাজার শাখা কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংক ভবনের নিচতলার কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের ভবেরবাজারের রোস্তমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংক ভবনের দোতলায় এবং নৈশপ্রহরী নিচতলায় ঘুমিয়ে ছিলেন। ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার ও জব্দ করেন।
শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা তালাবদ্ধ নিচতলার গ্রিলের ফাঁক দিয়ে পেট্রল ও মবিল মিশ্রিত দাহ্য পদার্থে কাপড় ভিজিয়ে লাঠির মাথায় বেঁধে ব্যাংক ভবনে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে নিচতলার বৈদ্যুতিক তার, সুইচবোর্ড, সিলিং ফ্যান, কার্ডের আসবাবপত্র ও কাগজের কার্টন পুড়ে যায়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস