Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন মামলায় আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় তৌহিদ আরমান সিমান্ত নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তৌহিদ আরমান সীমান্ত গাইবান্ধা সদর উপজেলার পশ্চিমপাড়া গোডাউন রোড এলাকার বাসিন্দা। তিনি আরফিন সুমন ওরফে নেটা সুমনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়। মামলায় ৪৩ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধারের কথা উল্লেখ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৪৩ হাজার টাকা। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনের লক্ষ্যে আজ যে রায় হয়েছে, তাতে আমরা সন্তোষ প্রকাশ করছি। আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়ায় রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।”

প্রতিনিধি/এসএস