জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে ১৬ মাস বয়সী শিশু আহসান হাবীবের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আহসান হাবীব ওই গ্রামের আমজাদ হোসেন ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলছিল আহসান হাবীব। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন স্বজনেরা। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
প্রতিনিধি/এসএস