Dhaka Mail Logo

সারাদেশ

জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের ভাণ্ডার, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

বরিশালের গৌরনদীতে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে এসআরবি-৮। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি বিদেশি পিস্তলসহ আটটি আগ্নেয়াস্ত্র, ৩৩টি ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ। এ সময় জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বিএম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) ও রবিউল ব্যাপারী (৩৫)। তারা সবাই বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (১৮ নভেম্বর) এসআরবি-৮ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী, জর্দা শামীম গ্রেফতার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ গৌরনদীতে তার মালিকানাধীন শাহী ৯৯ পার্কে সরিয়ে নেওয়া হয়। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হচ্ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এ কাজে ভ্যানচালক রবিউল ব্যাপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮ এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের সঙ্গে ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড কার্তুজ এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ রয়েছে। এ ছাড়া একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগ উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র দিয়ে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের কথা উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে রাতে রংপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উদ্ধার করা অস্ত্রের উৎস, কেনাবেচায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং এসব অস্ত্র কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ছায়া তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।

প্রতিনিধি/এসএস