Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফের বনে আহত হাতির শরীরে গুলির ৮ ক্ষতচিহ্ন

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

কক্সবাজারের টেকনাফের বনাঞ্চলে একটি আহত বন্যহাতির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে বন বিভাগের উদ্যোগে হাতিটিকে অচেতন করে চিকিৎসা দেওয়া হয়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ মেডিকেল টিম চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে।

বন বিভাগ ও স্থানীয়দের ধারণা, সশস্ত্র সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানব পাচারকারীদের ছোড়া গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় দুটি বন্যহাতি দেখা যায়। এ সময় একটিকে আহত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানার পর হাতি দুটির গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি আহত হাতিটির চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ।

46a89d5a-642b-4ec9-bbd7-eddce90bda3b

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বাহারছড়া গর্জন বাগান এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় আট ঘণ্টা ড্রোন উড়িয়ে অনুসন্ধানের পর সন্ধ্যায় আহত হাতিটির অবস্থান শনাক্ত করেন বনকর্মীরা।

পরে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। বুধবার সকালে ট্যাঙ্কুলাইজার গান প্রয়োগ করে হাতিটিকে অচেতন করার পর চিকিৎসা শুরু করা হয়। এ সময় হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া যায়।

শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, আহত হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে হাতিটি আহত হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে হাতিটির চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিনিধি/এসএস