উপজেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতিসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ (৫৮), চট্টগ্রাম উত্তর জেলা মুজিবিয়ান বাংলাদেশের সদস্য মো. শাহাদাত হোসেন মিলন (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর ভুঁইয়া (৬০) এবং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহর থানার আই ব্লক এলাকায় অভিযান চালিয়ে হাসান মাহফুজকে গ্রেফতার করা হয়। এ ছাড়া মিরসরাই উপজেলার কাটাছরা এলাকা থেকে মো. শাহাদাত হোসেন মিলন, জোরারগঞ্জ এলাকা থেকে মো. আলমগীর ভুঁইয়া এবং ইছাখালী এলাকা থেকে রাকিবুল ইসলামকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
প্রতিনিধি/এসএস