জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
মেহেরপুরের গাংনীতে দুটি পৃথক স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচটি বস্তুর গায়ে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টার দিকে এবং বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের দুটি ভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়ায় স্থানীয় বাসিন্দা হযরত আলীর মার্কেটের সামনে লাল টেপে মোড়ানো তিনটি বোমা সদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার বস্তুগুলোর মধ্যে তিনটিতেই ‘জয় বাংলা’ লেখা ছিল।
অন্যদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারের নিকটবর্তী ব্রিজের উপর থেকেও আরও তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা এগুলো সেখানে ফেলে রেখে যায়। খবর পেয়ে আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা এসে বস্তুগুলো উদ্ধার করেন। বলতলা বাজার থেকে উদ্ধার করা তিনটি বস্তুর মধ্যে দুটিতে ‘জয় বাংলা’ লেখা পাওয়া যায়।
একই রাতে দুটি পৃথক স্থান থেকে এমন বস্তু উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কে বা কারা এবং কী উদ্দেশে এসব বস্তু সেখানে রেখে গেছে; তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। উদ্ধার বস্তুগুলো আসলেই বোমা কি না, তা খতিয়ে দেখতে এবং পরীক্ষা-নিরীক্ষা করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জানানো হয়েছে।
প্রতিনিধি/এলএ