Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে আদালতের সিভিল জজ নিখোঁজ

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহানা নাদীম নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার কথা থাকলেও তিনি সেখানে পৌঁছাননি। বুধবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস।

বেঞ্চ সহকারী সঞ্জীব জানান, মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে রওনা হন বিচারক শেখ ফারহানা নাদীম। কিন্তু রাত পর্যন্ত বাসায় না পৌঁছানোয় আদালতের নাজিরসহ অন্য কর্মকর্তারা তার খোঁজ নিতে শুরু করেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, বুধবার দুপুর পর্যন্ত তিনি আদালত কিংবা বাসায় পৌঁছাননি। অফিসের নাজির কামরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা তার সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধান চলছে।

প্রতিনিধি/এলএ