Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে নিখোঁজের একদিন পর ধানখেতে মিলল কিশোরীর মরদেহ

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁওয়ে নিখোঁজের একদিন পর জাকিয়া (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের খাবার খাওয়ার পর থেকে জাকিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে ধান কাটতে গিয়ে স্থানীয়রা বাড়ির পাশের ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জাকিয়া নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। তার বাবার বাড়ি উপজেলার কাশেমপুর ইউনিয়নের মহিষতারা গ্রামে।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খায় জাকিয়া। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে ধান কাটতে গিয়ে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

প্রতিনিধি/এসএস