Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

রংপুরে একটি ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে নগরীর পর্যটন মোড়ে লুমিনাস কোচিং সেন্টারের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের একমাত্র বাহনটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনে গ্যারেজে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার দীর্ঘদিনের পরিশ্রম ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন বড় ধরনের ধাক্কা বলে জানান তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লুমিনাস কোচিং সেন্টারের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত পুরাতন বাসটি পর্যটন মোড় সংলগ্ন সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন সংলগ্ন মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল।

এদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/টিবি