Dhaka Mail Logo

সারাদেশ

নাজিরপুরে গভীর রাতে ৪ দোকানে আগুন, ইউপি কার্যালয়ে নাশকতার চেষ্টা

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া শাখারিকাঠী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর রাত আড়াইটার দিকে কবিরাজবাড়ী এলাকায় চারটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে কবিরাজবাড়ী এলাকায় আগুনে মোস্তফা মাঝি, আরাফাত মাঝি, আব্দুস সামাদ ও মো. শাহীনদের চারটি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি, মনোহারি, পার্টস ও গ্যারেজের দোকান রয়েছে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

423f0e60-c571-47b2-9583-3bc485a9d892

শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিপু শরীফ জানান, রাত পৌনে দুইটার দিকে একটি সাদা প্রাইভেটকার পরিষদ এলাকায় দুই-তিনবার ঘোরাঘুরি করে। তার ধারণা, ওই গাড়িতে আসা ব্যক্তিরাই পরিষদে আগুন দিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় পরিষদে সংরক্ষিত টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হলরুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে গেছে।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মুরাদ হাসান বলেন, রাত ২টার দিকে ফোন পেয়ে দোকানের কাছে গিয়ে আগুন জ্বলতে দেখেন। পাহারাদারের বরাত দিয়ে তিনি জানান, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে করে আসা কয়েকজন ব্যক্তি দোকানগুলোতে আগুন দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্যের অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতার লোভে সারা দেশে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। নাজিরপুরের ঘটনাও এর অংশ বলে তিনি দাবি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

eb1c198e-3ffd-4aea-8c32-72a60f34e9ce

অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সবাইকে সচেতন হওয়ার এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নাজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোয়াইব হোসাইন মুন্নী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে কবিরাজবাড়ী এলাকার দোকানগুলোতে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস