Dhaka Mail Logo

সারাদেশ

কেশবপুরে মৎস্য ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

যশোরের কেশবপুরে মৎস্য ঘেরের পানিতে ভাসমান অবস্থায় আনসার গাজী (৬৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার মোমিনপুর-দেলঘাটা বিলের টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনসার গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘেরের মালিক এরশাদ জানান, গত ২ নভেম্বর ডুমুরিয়া বাজার থেকে মাসিক ১১ হাজার টাকা মজুরিতে দিনমজুর হিসেবে আনসার গাজীকে কাজে নিয়ে আসেন তিনি। মঙ্গলবার বিকেলে আনসার ঘেরের ভেতরে কাজ করছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। একপর্যায়ে বুধবার সকালে ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

আরও পড়ুন

ছোট মেয়ের বিয়ের দিনে বড় জামাইয়ের হাতে শ্বশুর খুন

নিহতের স্ত্রী নুরজাহান বলেন, তার স্বামী দিনমজুরের কাজ করতে সেখানে গিয়েছিলেন। বুধবার সকালে তিনি স্বামীর মৃত্যুর খবর পান।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজবাহ ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে, সিআইডির পরিদর্শক মিজানুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রতিনিধি/এসএস