জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা বৈধ পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার মিশন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের অধিকাংশই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন মাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), একই গ্রামের লোকমানের ছেলে মো. শামীম (২৩) এবং শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মো. মিনারুন (১৯)।
এ ছাড়া আটক হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর গ্রামের আ. কামালের ছেলে মো. আ. করিম (২১), রাজশাহীর গোদাগাড়ীর মাদবপুর গ্রামের আ. করিমের ছেলে মো. ইউসুফ (২১) ও দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. শওকত আলী (৩৫)।
আটক অন্য ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. আলামিন (২৪), রাজশাহীর গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের মাহাবুব রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও সুরজামানের ছেলে মো. হাসান (২৫)। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে মো. রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০) রয়েছেন আটক ব্যক্তিদের তালিকায়।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে চলমান তৎপরতার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের কাছে ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট ছিল না। তারা অবৈধ পথে ভারতে প্রবেশের উদ্দেশে সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, শেরপুর জেলার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারির পাশাপাশি অভিযানও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস