উপজেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় হেমায়েতপুর ও নরসিংহপুর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন তারা। এক স্থানে পুলিশ বুঝিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। অন্য স্থানে ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে, চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা ২৪টি মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের পাশে ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে কারখানার পাশের সড়কে অবস্থান নিতে দেখা যায়। শ্রমিকেরা জানান, একই এলাকার আলেয়া অ্যাপারেলস লিমিটেড কারখানায় এর আগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে সকাল সাড়ে ৮টার পর আশপাশের আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে যান। তবে কিছু শ্রমিক ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার পাশে অবস্থান নেন।

এ সময় পুলিশ তাদের সড়কের পাশ থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে নিজেদের দাবির কথা তুলে ধরেন। পরে পুলিশ হ্যান্ডমাইকে শান্তিপূর্ণভাবে সরে না গেলে বল প্রয়োগের কথা জানালে শ্রমিকেরা ওই স্থান ত্যাগ করেন।
অন্যদিকে, সকাল সোয়া ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নরসিংহপুর এলাকায় সারমিন গ্রুপের কারখানার সামনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক-উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, সাভার ও আশুলিয়ার কিছু পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্থানে শ্রমিকেরা জড়ো হলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও বল প্রয়োগ করা হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যাতে পরিস্থিতি ঘোলাটে করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার পর্যন্ত সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বুধবার সকালে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি বেশ শান্ত ছিল। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হলেও কিছু কারখানায় শ্রমিকেরা কার্ড পাঞ্চ করে কাজে যোগ না দিয়ে নিচে নেমে আসেন।
তিনি জানান, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ১০টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সাতটি কারখানা। কাজ না হওয়ায় আরও ১৩টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রতিনিধি/টিবি