জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম
ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।
নিহত সুমাইয়া আক্তার সোমা পার্শ্ববর্তী কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।
নিহতের ভাই রাতুল হোসেন জানান, আট বছর আগে পারিবারিকভাবে এনামুল হক মেরাজের সঙ্গে তার বোনের বিয়ে হয়। তাদের সংসারে ফারহান নামে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও মেরাজ তাদের এলাকায় প্রায়ই যাতায়াত করতেন।

তিনি আরও জানান, বুধবার সকালে সুমাইয়া তার সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে মেরাজ ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকে অভিযুক্ত এনামুল হক মেরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস