জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম
ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন জসিমের পদত্যাগের পর এবার জেলা বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরবর্তী সময়ে একেরপর এক অবহেলা ও উপযুক্ত ব্যক্তিকে যথাস্থানে দায়িত্ব না দিয়ে বিতর্কিত ব্যক্তিদের প্রতিষ্ঠিত করার প্রতিবাদে দলের পরীক্ষিত নেতাকর্মীরা পদত্যাগ করছেন বলে দাবি নেতা কর্মীদের।
জানা যায়, সম্প্রতি ফেনী জেলা কারাগার-১ ও ২ এর বেসরকারি পরিদর্শক নিয়োগ দেওয়া হয়। সেখানে বিএনপির যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে সুবিধাবীদের দায়িত্ব দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভ ও অভিমানের কথা জানিয়ে দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে দলের বিভিন্ন সিদ্ধান্তে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হচ্ছেন না বলে অভিযোগ করেন।
কপিল উদ্দিন মামুনের বক্তব্য, সোমবার ফেনী জেলা কারাগার ২-এর বেসরকারি পরিদর্শক হিসাবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম ওরফে সেলিমকে মনোনয়ন দেওয়া হয়। মনোনীত ব্যক্তি দীর্ঘ দুই যুগে দলের কোনো আন্দোলন-সংগ্রাম বা কর্মসূচিতে সক্রিয় ছিলেন না। এ ধরনের ব্যক্তিদের মূল্যায়ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিষয়টি জানতে পেরেছি। কারা পরিদর্শক নিয়োগ নিয়ে রাগে-অভিমানে কফিল উদ্দিন মামুন ফেসবুকে পোস্ট দিয়ে অব্যাহতি নিয়েছেন।
উল্লেখ্য, ফেনী জেলা কারাগার-১ ও ২-এর জন্য ১৪ জনকে দুই বছরের জন্য বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগপ্রাপ্তদের মধ্যে চারজন সংসদ সদস্যসহ সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। ফেনী শহরের জেল রোডস্থ কারাগার-২-এর নিয়োগপ্রাপ্তরা হলেন—ফেনী-১ আসনের সংসদ-সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য রেহানা আক্তার রানু, উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী মো. শহীদুল ইসলাম ভূঁইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা রহমান এবং পৌর মহিলা দলের নেত্রী রোকসানা আক্তার।
এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে ষড়যন্ত্রের প্রতিকার না পাওয়া, দলের পক্ষ থেকে অবমূল্যায়িত হওয়াসহ না না অভিযোগ তুলে দলের সকল পথ থেকে পদত্যাগ করেন ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি প্রতাপশালী বিএনপি নেতা জাকির হোসেন জসিম।
প্রতিনিধি/টিবি