জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে দুই প্রান্তে মোট ৯টি ফেরি আটকে রয়েছে। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রয়েছে। মাঝনদীতে আটকা পড়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের আরেক ফেরি।
অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করে রাখা হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতি দেখা যাচ্ছে না। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।
প্রতিনিধি/টিবি