জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম
লটারিতে বদলি হওয়ার প্রায় ১১ মাস পর আবারও আগের কর্মস্থল ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. সরোয়ারে আলম খান। তবে পুলিশের ওসি পদায়নে জারি করা ২২ দফা নীতিমালায় একই থানায় কোনো কর্মকর্তাকে দ্বিতীয়বার ওসি হিসেবে পদায়ন না করার নির্দেশনা রয়েছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, সরোয়ারে আলম খানের পুনরায় যোগদানের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মোহাম্মদ আবদুল মাবুদ। এমনকি ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে তিনি মো. শাহজাহান আলীর নাম উল্লেখ করেছেন।
ঠাকুরগাঁও জেলা পুলিশের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সরোয়ারে আলম খান। সেখানে তার সর্বশেষ যোগদানের তারিখ উল্লেখ করা হয়েছে ১৪ নভেম্বর ২০২৬। এর আগে তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে প্রথমবার ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন সরোয়ারে আলম খান। প্রায় সাড়ে সাত মাস দায়িত্ব পালনের পর ওই বছরের ২ ডিসেম্বর লটারির মাধ্যমে তাকে গাইবান্ধার পলাশবাড়ী থানায় বদলি করা হয়। ৬ ডিসেম্বর সেখানে যোগ দিয়ে দায়িত্ব পালন করেন তিনি। এরপর চলতি বছরের ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন। অর্থাৎ প্রায় ১১ মাসের ব্যবধানে একই থানায় দ্বিতীয়বার ওসি হিসেবে দায়িত্ব পান তিনি।
পুলিশ সদর দপ্তর ২০২৫ সালের ৩ জুলাই থানার ওসি পদায়নের জন্য ২২ দফা নীতিমালা জারি করে। এতে ওসি পদে পদায়নের যোগ্যতা, অযোগ্যতা, বদলি ও দায়িত্ব পালনের সময়সীমাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।
নীতিমালার অন্যতম শর্তে বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন করা যাবে না। এ ছাড়া একজন কর্মকর্তা সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালনের পর আর ওসি পদে পদায়নের জন্য বিবেচিত হবেন না।
নীতিমালায় আরও বলা হয়েছে, ওসি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর অন্যত্র বদলি করা যাবে। তবে একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের আগে বদলির ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ও নির্দেশনার বিষয় উল্লেখ রয়েছে।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বন্ধু ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরোয়ারে আলম খান আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব পালন করেছেন। তাই তাকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন না করাই সমীচীন ছিল।
তিনি আরও বলেন, দেশে পুলিশের কর্মকর্তার সংকট নেই যে একজন কর্মকর্তাকে আগের কর্মস্থলেই আবার ফিরিয়ে আনতে হবে। একই থানায় দ্বিতীয়বার পদায়নের ক্ষেত্রে নীতিমালার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করেন তিনি।
পুনরায় ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগদানের বিষয়ে জানতে চাইলে সরোয়ারে আলম খান বলেন, এর আগে তিনি প্রায় সাত মাসের মতো ওই থানায় দায়িত্ব পালন করেছেন। তবে একই থানায় আবার যোগদানের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান বলেন, নীতিমালা সম্পর্কে তার জানা নেই। তিনি বলেন, ‘আমরা তো পদায়ন করিনি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ওপর থেকে নির্ধারণ করেছেন। ওপর থেকেই আদেশ হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’
জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন ছুটিতে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, যারা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তারাই এসব বিষয় দেখভাল করেন। এ বিষয়ে পুলিশ সুপারই ভালো বলতে পারবেন।
এদিকে, ঠাকুরগাঁও সদর থানায় সরোয়ারে আলম খানের পুনরায় যোগদানের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। মুঠোফোনে তিনি বলেন, ওই থানার ওসি তো শাহজাহান আলী। সরোয়ারে আলম খানের যোগদানের বিষয়টি আমার জানা নেই। আমি জানি না। পুলিশের ওসি পদায়নের ২২ দফা নীতিমালার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
প্রতিনিধি/টিবি