জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের দিনে বড় জামাইয়ের লাঠির আঘাতে মোতালেব হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বড় মেয়ের বাড়িতে গিয়ে জামাইকে মেয়েকে মারধর করতে দেখে প্রতিবাদ করায় মোতালেব হামলার শিকার হন।
পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
নিহত মোতালেব হোসেন চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত জামাই আনোয়ার হোসেন (৩৫) একই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে সকাল সাড়ে সাতটার দিকে তিনি পাশের নারায়ণপুর গ্রামে বড় মেয়ে ও জামাই আনোয়ারের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, আনোয়ার মেহগনি গাছের ডাল দিয়ে তার মেয়েকে পেটাচ্ছেন।
এ সময় মোতালেব প্রতিবাদ করলে শ্বশুর ও জামাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আনোয়ার হাতে থাকা মেহগনি গাছের ডাল দিয়ে মোতালেবের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে উঠানে লুটিয়ে পড়েন।
পরে গ্রামবাসীর সহায়তায় বড় মেয়ে তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যশোরে মোতালেবের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ইন্সপেক্টর নুরুল আমিন শিকদার বলেন, ছোট মেয়ের বিয়ের দিন বড় মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হাতে মোতালেব হোসেন মারধরের শিকার হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এএইচ