জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমাতে গিয়েছিলেন ২৩ বছর বয়সী গৃহবধূ নুরুন্নাহার বেগম। রাতেই তার মৃত্যুর খবর যায় বাবার বাড়িতে। শ্বশুরবাড়ির লোকজন জানান, স্ট্রোক করে মারা গেছেন তিনি। তবে স্বজনেরা গিয়ে তার গলায় ফাঁসের দাগ দেখতে পান। এরই মধ্যে বাড়ির পেছনে পাওয়া যায় প্রায় চার ফুটের একটি খোঁড়া গর্ত। এসব ঘটনায় তার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। স্বজনদের সন্দেহ, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নাহার একই ইউনিয়নের উত্তর কেবল নগর খানকান্দি এলাকার আক্কাস মাদবরের মেয়ে। তার স্বামী মোক্তার মাদবর পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে খাবার খেয়ে স্বামী মোক্তার মাদবরের সঙ্গে একই শয়নকক্ষে ঘুমাতে যান নুরুন্নাহার। রাত আনুমানিক ১২টার দিকে মোক্তার পাশের কক্ষ থেকে তার ভাবি পারভীন বেগমকে (২৫) ডেকে আনেন। নুরুন্নাহারকে তেল-পানি দেওয়ার কথা বলেন তিনি।
পরে শ্বশুরবাড়ির লোকজন নুরুন্নাহারের বাবার বাড়িতে ফোন করে জানান, তিনি স্ট্রোক করেছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তার গলায় ফাঁসের দাগ দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে জাজিরা থানা পুলিশকে খবর দেন।
এদিকে বাড়ির পেছনে আনুমানিক চার ফুট মাপের একটি গর্ত খোঁড়া অবস্থায় পাওয়া যায়। গর্তটি কী উদ্দেশে খোঁড়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহতের স্বজনদের ধারণা, মরদেহ মাটিচাপা দেওয়ার উদ্দেশে এটি খোঁড়া হয়ে থাকতে পারে। তবে গর্তটির সঙ্গে নুরুন্নাহারের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে মঙ্গলবার সকালে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ছয় মাস আগে নুরুন্নাহারের সঙ্গে মোক্তার মাদবরের বিয়ে হয়। তাদের সংসারে এক মাস আট দিন বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে নিহতের পরিবারের সদস্যরা এ ধারণা মানতে নারাজ। তাদের অভিযোগ, নুরুন্নাহারকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তারা তার স্বামীকে সন্দেহ করছেন। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলেও দাবি করেছেন স্বজনেরা।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
প্রতিনিধি/এসএস