জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “শেখ হাসিনার বাংলাদেশে চলে আসার সাহস নেই। তিনি এখন পর্যন্ত নিজের চেহারা প্রদর্শন করতে পারেন না।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার বাংলাদেশে আসার কথা আসলে পাগলের প্রলাপ। তার নিজে আসার বিষয়টি মুখ্য নয়; বরং চুক্তির মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে থাকা শাস্তি কার্যকর করার দায়িত্ব বর্তমান সরকারের।”
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “বাংলাদেশকে নানাভাবে অস্থির করার ষড়যন্ত্র করা হলে দেশের জনগণ তা প্রতিহত করবে।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী আচরণ করে, আর ক্ষমতার বাইরে থাকলে নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পথে হাটে। তারা এখন সেই সন্ত্রাসী কর্মকাণ্ডই করছে। ২০২৪ সালের আগে ক্ষমতায় থাকাকালে তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম করে নির্যাতন ও গণহত্যা চালিয়েছে। ২০২৪ সালের পরও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে।”
লন্ডনে সফররত নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা নাহিদ ইসলামকে আক্রমণের চেষ্টা করেছিল। তবে সেখানে বাংলাদেশি ও এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তাব্যবস্থার কারণে তার ওপর হামলা চালাতে পারেনি।
তিনি বলেন, একজন সংসদ সদস্য ও চিফ হুইপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এ বিষয়ে সেখানকার বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে যোগাযোগ করে তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশের আইনে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস