Dhaka Mail Logo

সারাদেশ

রাঙ্গাবালীতে সাংবাদিককে মারধরের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে পরোয়ানা

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

পটুয়ালাখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহের সময় বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলাটি নথিভুক্ত করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী একটি যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে তার পরনের জামা ছিঁড়ে ফেলা হয় এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত তার মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। স্পিডবোটে থাকা অন্য যাত্রীদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় সিআর-৫১২/২৬ নম্বর মামলা নথিভুক্ত করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এ ছাড়া সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী প্রেসক্লাব।

প্রতিনিধি/এসএস