জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। গত বছর পুরো বছরে আক্রান্ত হয়েছিলেন ২০১ জন। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় ৯ গুণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৬ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের ১৭ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬০ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৭৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত অক্টোবর মাসে আক্রান্ত হয়েছেন ৬০৪ জন। চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। অর্থাৎ অক্টোবরের পর নভেম্বর মাসেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ফেনী সদর উপজেলায়। এ উপজেলায় এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৩ জনের। এ ছাড়া সোনাগাজীতে ১৬৪, দাগনভূঞায় ১১০, ছাগলনাইয়ায় ৮৬, পরশুরামে ৩৭ ও ফুলগাজীতে ২০ জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের বড় একটি অংশই ফেনী সদর উপজেলার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ২৭ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। এদিকে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রাখতে জেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ১ হাজার ১৫টি ডেঙ্গু পরীক্ষার কিট মজুত রয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জ্বর দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/এসএস