জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ কমানো ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের চরবেউথা এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন। পরে শোভাযাত্রাটি ঘিওর উপজেলার নালী এলাকায় গিয়ে শেষ হয়।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় গ্রিন কোয়ালিশন, ইয়ুথ গ্রিন ক্লাব ও সাইক্লিস্ট ক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মৌসুমী নাসরিন বলেন, পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের অক্সিজেন প্রয়োজন। আর অক্সিজেনের জন্য প্রকৃতি ও পরিবেশ রক্ষা জরুরি। অথচ মানুষের নানা কর্মকাণ্ডেই প্রকৃতি ধ্বংস হচ্ছে। কার্বন নিঃসরণ রোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
আয়োজক সূত্রে জানা গেছে, চরবেউথা এলাকা থেকে শোভাযাত্রাটি আন্ধারমানিক সড়ক হয়ে ঘিওর উপজেলার নালী এলাকায় ঐতিহাসিক সেনবাড়ির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গ্রিন কোয়ালিশনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, অধ্যাপক আনিসুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক গাজী ওয়াজেদ আলম লাবু এবং সাইক্লিস্ট ক্লাবের সভাপতি মো. মাসুমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমানের বাস্তবতা। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, নদীভাঙন, খরা ও জলাবদ্ধতায় মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে হবে। এ ছাড়া আসন্ন কপ-৩১ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের দাবি জানান তারা।
অনুষ্ঠান শেষে প্রাণ-প্রকৃতি ও পরিবেশবিষয়ক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন এবং আজকের পত্রিকার ঘিওর উপজেলা প্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এ ছাড়া পরিবেশবিষয়ক অবদানের স্বীকৃতিস্বরূপ মানিকগঞ্জ প্রেসক্লাব, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি, দিশারী, পালক, মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাব ও আলোর পথ—এই ছয়টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিনিধি/এসএস