Dhaka Mail Logo

সারাদেশ

সুপারি ও কলা চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলে বেঁধে গ্রাম ঘোরালেন স্থানীয়রা

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

পিরোজপুরের জিয়ানগরে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় সুপারি ও কলা।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের মধ্য কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন মীর। তিনি হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রব।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে প্রতিবেশী হাফেজ আব্দুল হালিম ও আব্দুল জব্বার হাওলাদারের বাড়ি থেকে এক ছড়া সুপারি এবং এক ফালি কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় পরদিন সোমবার কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন। এ সময় ওই বৃদ্ধের প্রস্রাব হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তার কোমরে শিকল বেঁধে তালা লাগানো হয়। গলায় ঝুলিয়ে দেওয়া হয় কলা ও সুপারি। এরপর তাকে গ্রাম ঘোরানো হয়।

ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই ক্ষোভ ও নিন্দা জানান। তবে এ ঘটনার পক্ষে-বিপক্ষেও কিছু মন্তব্য দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. কাওসার আলম বলেন, রুহুল আমিন পেশাদার চোর নন। তার কোনো ছেলে নেই। বৃদ্ধ বয়সে অভাবের কারণে তিনি এ কাজ করে থাকতে পারেন। তার ঘরের অবস্থাও ভালো নয়। জনপ্রতিনিধিদের উচিত ছিল তার খোঁজখবর নেওয়া ও খাবারের ব্যবস্থা করা। তা না করে সামান্য জিনিস নেওয়ার অভিযোগে তাকে এভাবে হেনস্তা করা হয়েছে। যারা তার সঙ্গে এমন আচরণ করেছেন, তাদেরই উচিত ছিল খাবারের ব্যবস্থা করা এবং পরিবারকে সহায়তা করা।

আরও পড়ুন

সাতক্ষীরায় পুলিশের সহায়তায় পরিবারে ফিরল নিখোঁজ কিশোরী

এ বিষয়ে নাসির উদ্দীন সাংবাদিকদের বলেন, রুহুল আমিন গ্রামে প্রায়ই এ ধরনের চুরি করেন। তাকে এলাকাবাসী কয়েকবার ধরে থানায় দিয়েছেন। তিনি নিজে সুপারিশ করে তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন। সোমবার চুরি করে ধরা পড়ার পর উৎসুক জনতা তার গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর দাবি জানালে স্থানীয় ব্যক্তিরা তাকে গ্রামে ঘোরান।

ইউপি সদস্য আব্দুর রব বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ তার কাছে না আসায় বিষয়টি তেমন গুরুত্ব দেননি। রুহুল আমিন হতদরিদ্র হওয়ায় মাঝেমধ্যে এ ধরনের কাজ করেন। তাদের সহযোগিতা করার সামর্থ্যও সীমিত। বছরে মাত্র দুবার ১০ কেজি করে চাল পান বলে জানান তিনি।

ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অভিযোগে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ঠিক হয়নি। ঘটনা জানার পর তিনি বৃদ্ধের বাড়িতে কিছু খাবার পাঠিয়েছেন এবং ভবিষ্যতেও সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস