জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার রায় (৪৭) ও তার স্ত্রী হান্না সরকার (৩৪)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন।
পরে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত একটি বাস ঘটনাস্থলে রয়েছে।
প্রতিনিধি/এসএস