Dhaka Mail Logo

সারাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি অবিলম্বে বাতিলের দাবি

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম (গোলামির) বাণিজ্যচুক্তি বাতিল এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে লাল পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে শ্যামপুর চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত্ব সকল বন্ধ চিনিকল এবং বন্ধ অন্যান্য সব কলকারখানা চালু, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মব সন্ত্রাস বন্ধ ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকার, সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিহির ঘোষ ও সুব্রতা রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে সিপিবি’র সভাপতি কাজি সাজ্জাদ জহির চন্দন বলেন, সবক্ষেত্রে দেশ আজ এক গভীর ও দীর্ঘস্থায়ী সংকটে নিমজ্জ্বিত। একদিকে জুলাই অভ্যুত্থানকে লক্ষ্যচ্যুত করে জনআকাঙ্ক্ষার বিপরীতে সাম্রাজ্যবাদী নীল নকশা বাস্তবায়ন ও বিপজ্জনক উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের ওপর চেপে বসার পাঁয়তারা করছে। অন্যদিকে গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতার প্রকৃত আকাঙ্ক্ষা রূপায়ণের লক্ষ্যে দেশকে সংকটমুক্ত করে নব জীবনের প্রাণশক্তিতে সঞ্জীবিত করে  নতুন ভবিষ্যৎ রচনার সম্ভাবনাও বিদ্যমান রয়েছে। সেটি সম্ভব করতে হলে দেশপ্রেমিক বামপন্থি-প্রগতিবাদী-গণতান্ত্রিক শক্তিকে গরিব মেহনতি মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম পরিচালনা করতে হবে এবং তা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, গত ৫৫ বছরে দেশে যে কয়টি গণঅভ্যুত্থান ও গণ আন্দোলন সংঘটিত হয়েছিল তার সবকটিতে কমিউনিস্টরা অর্থাৎ বাম প্রগতিশীল দেশপ্রেমিক জনগণ নেতৃত্ব দিয়েছিল অথচ প্রতিবারই এর ফলাফল বুর্জোয়ারা ঘরে তুলেছে। আগামীতে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি ‘ গড়ে তুলতে কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদেরকে প্রতিটি পাড়া-মহল্লা, গ্রামে-গঞ্জে জনগণকে ঐক্যবদ্ধ করে শোষণ-বৈষ্যমের বিরুদ্ধে সংগঠিত করতে হবে। পরবর্তীতে এই শক্তি দেশের সম্পদ রক্ষাসহ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম গড়ে তুলবে।

সিপিবির সভাপতি বলেন, সরকারকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব অসম বাণিজ্য চুক্তি, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্পাদিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তিসহ জনস্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করার আহ্বান জানাই।

এর আগে রংপুর নগরীতে দীর্ঘ লাল পতাকা মিছিল বের করে বাংলাদেশের কমিউনিস্ট পাটি। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে এ বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

প্রতিনিধি/এফএ