Dhaka Mail Logo

সারাদেশ

ফ্যাসিস্ট আ. লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: ড. খন্দকার মারুফ

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের ‘মারুফ ভিলা’য় উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দলটির ষড়যন্ত্র মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ড. খন্দকার মারুফ বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা, সরকারকে বেকায়দায় ফেলতে খুন ও বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে এক পলাতক সাবেক মন্ত্রীর অডিও বক্তব্য এবং লন্ডনে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনা আবারও প্রমাণ করেছে, আওয়ামী লীগ সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতিতে জড়িত।

তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগ দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলটির দেশবিরোধী অপতৎপরতা জনগণ নস্যাৎ করে দেবে। তাদের সন্ত্রাসী রাজনীতি এখন অচল। দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন, উৎপাদন ও সুস্থধারার রাজনীতিকে গ্রহণ করেছে।

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে বলে দাবি করেন ড. খন্দকার মারুফ। তিনি বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদীরা দেশের অগ্রগতি দেখে হিংসার আগুনে জ্বলছে। সুস্থধারার রাজনীতি ও উন্নয়নের ধারায় তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে।

তিনি আরও বলেন, গত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের উন্নয়নে অনেক কাজ করেছেন। বিগত সরকারের গুম, খুন, প্রতিহিংসা ও আতঙ্কের রাজনীতির বিপরীতে তারেক রহমানের উন্নয়নমুখী রাজনীতিতে জনগণ সম্পৃক্ত হয়েছে।

আরও পড়ুন

ফ্যাসিস্ট শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে: জোনায়েদ সাকি

একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, কোনো অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা হলে তা আইনিভাবে প্রতিহত করা হবে।

যৌথ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ লতিফ ভূঁইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, এম আবদুস সাত্তার, কামাল হোসেন, আরিফ মাহমুদ, এনামুল হক সফর তালুকদার, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন আনন্দ, শরীফ চৌধুরী, শাহ আলম সরকার, মো. রোমান খন্দকার, আবদুল বাসেদ ও রিমন খন্দকারসহ দাউদকান্দি উপজেলা, পৌরসভা ও ১৫টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।

প্রতিনিধি/এসএস