Dhaka Mail Logo

সারাদেশ

মোরেলগঞ্জে বালিকা বিদ্যালয়ে মাত্র ৫ শিক্ষকের কাঁধে ৪৮০ ছাত্রীর দায়িত্ব

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। ৪৮০ জন ছাত্রীর বিপরীতে বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশাসনিক ও দাফতরিক দায়িত্ব পালন করতে হওয়ায় নিয়মিত পাঠদান করাচ্ছেন মাত্র পাঁচজন শিক্ষক। 

সবচেয়ে উদ্বেগের বিষয়, বালিকা বিদ্যালয়টিতে কর্মরত কোনো নারী শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠক্রম। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ শিক্ষক সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪৮০ জন ছাত্রী নিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার অনুমোদিত পদ রয়েছে ১৮টি। এর বিপরীতে কর্মরত আছেন মাত্র ৬ শিক্ষক। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ ১২টি শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া অফিস সহকারীর দুটি পদই শূন্য। চতুর্থ শ্রেণির কর্মচারীর পাঁচটি পদের একটিতেও কেউ কর্মরত নেই। সব মিলিয়ে বিদ্যালয়টিতে ১৯টি পদ শূন্য রয়েছে।

বর্তমানে সিনিয়র সহকারী শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক ও দাফতরিক কাজ সামলাতে গিয়ে তার পক্ষে নিয়মিত পাঠদান করা সম্ভব হচ্ছে না। ফলে বাকি পাঁচজন শিক্ষককেই ৪৮০ ছাত্রীর পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে। তাদের মধ্যে দুজন ধর্মীয় শিক্ষক, একজন ভূগোল, একজন কৃষি এবং একজন ইংরেজি বিষয়ের শিক্ষক। গণিত, ব্যবসায় শিক্ষা ও ভৌতবিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় তৈরি হয়েছে বড় ধরনের ঘাটতি।

বিদ্যালয়টির শিক্ষক সংকটের প্রভাব পড়েছে শ্রেণিকক্ষের পাঠদানেও। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে দুটি করে বিভাগ থাকলেও পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিভাগগুলো একীভূত করে পাঠদান করা হচ্ছে। একজন শিক্ষককে প্রতিদিন সাতটি পর্যন্ত ক্লাস নিতে হচ্ছে। এতে একদিকে শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরাও প্রত্যাশিত পাঠদানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

১৯৮৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের আগে থেকেই স্থানীয় শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল। তবে ২০১৯ সাল থেকে পর্যায়ক্রমে স্থানীয় ৮ থেকে ১০ জন শিক্ষক অবসরে যাওয়ার পর শিক্ষক সংকট প্রকট হতে শুরু করে। ২০২৪ সাল থেকে মাত্র ছয়জন শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম বলেন, ‘আগে স্থানীয় শিক্ষক-শিক্ষিকারা দায়িত্ব পালন করায় বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ভালো ছিল। ২০১৯ সাল থেকে পর্যায়ক্রমে কয়েকজন শিক্ষক অবসরে যাওয়ার পর সংকট তৈরি হয়। বর্তমানে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন-নিবেদন করেও নতুন শিক্ষক পাওয়া যায়নি। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

মো. মিজানুর রহমান নামে এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে এ বিদ্যালয়ে পড়ে। শিক্ষক সংকটের কারণে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে। দ্রুত শিক্ষক সংকট নিরসন করা না হলে আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা কঠিন হয়ে পড়বে।’

নামে প্রকাশে অনিচ্ছুক অপর এক অভিভাবক বলেন, সুনাম আর ঐতিহ্যের কথা বিবেচনায় মেয়েকে ভর্তি করেছিলাম। এখন দেখি ভর্তি করাটাই ভুল ছিল। আগে তো ভিতরের খবর জানতাম না।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, ‘শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। উপকূলীয় উপজেলা হওয়ায় এখানে শিক্ষক আসতে আগ্রহী হচ্ছেন না। তারপরও বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদায়নের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

সংশ্লিষ্টদের মতে, দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক ও প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ দেওয়া না হলে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও সংকটের মুখে পড়বে। বিশেষ করে একটি সরকারি বালিকা বিদ্যালয়ে নারী শিক্ষক না থাকায় ছাত্রীদের শিক্ষা ও ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত শিক্ষক সংকট নিরসনের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

প্রতিনিধি/এসআই